
গত তিনটি নির্বাচনে জোটে জোটে লড়াই হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দুই প্রধান জোটের মধ্যেই লড়াই হবে সাতক্ষীরা-১ আসনে। এ আসনটি তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত।
২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেঁধে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম জয়ী হন। ২০০৮ সালে নবম সংসদে সাবেক জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হন মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয় পান মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ।
তবে এবার শরিকদের ছাড় দিতে চায় না আওয়ামী লীগ। সরকারি দলের অন্তত পাঁচজন নেতা মনোনয়ন প্রত্যাশী। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মুজিবুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এস এম মুজিবর রহমান (সরদার মুজিব), তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল। এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের মেয়ে ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভিন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেনও মাঠে সক্রিয়।
২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ নুরুল ইসলাম। পরে নৌকা দেওয়া হয় শরিক দল ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহকে। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, আসন্ন নির্বাচনে বিএনপি অংশ নিলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, এখানে ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক ভিত দুর্বল।
আওয়ামী লীগের এ অবস্থানের মধ্যে জোরেশোরে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদের সম্ভাব্য তিন প্রার্থী। তাঁরা হলেন বর্তমান সাংসদ ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখ্ত ও জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুস সুলতান।
মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ২০১৩ সালে জামায়াত-বিএনপি যে তাণ্ডব চালিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল সামনের কাতারে। তাঁর আমলেই তালা-কলারোয়ার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদ খননকাজ সম্পন্ন করা হয়েছে।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমানও। ২০০০ সাল থেকে টানা ১৫ বছর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সাংসদ হওয়ার পর কপোতাক্ষ খননের জন্য ২৬২ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ আনেন তিনি। জেলায় রেললাইন স্থাপনের প্রাথমিক কাজও তিনি সম্পন্ন করেন বলে দাবি তাঁর।
আরেক মনোনয়নপ্রত্যাশী সৈয়দ কামাল বখত এ আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এ ছাড়া তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলামও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদের দাবি, ২০১৩ সালে জেলায় জামায়াত-বিএনপির নাশকতা দমনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মনোনয়ন পেলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভিনের বাবা স ম আলাউদ্দিন প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। ১৯৯৬ সালে নিজ পত্রিকা দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় তিনি খুন হন। লায়লা বাবার মতোই সাধারণ নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে মাঠে নেমেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে ফেলেছেন তালা-কলারোয়ার নির্বাচনী এলাকা। তিনি বলেন, দল তরুণ নেতৃত্ব দেখতে চায়। মনোনয়ন পেলে তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।
মহাজোটে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের বাইরে শক্ত মনোনয়নপ্রত্যাশী জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত। তিনি বলেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিয়েই আগামী সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে জানান তিনি।
জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুস সুলতান মনে করছেন, সাধারণ মানুষ তাঁর পাশে আছেন। তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী তালিকায় সবার ওপর রয়েছেন সাবেক সাংসদ ও দলটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে বিজয়ের ব্যাপারে আশাবাদী এই নেতার অভিযোগ, বর্তমান সরকার বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করে তাঁদের এলাকাছাড়া করেছে। তিনিও দীর্ঘদিন ধরে এলাকায় আসতে পারছেন না।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মো. ইজ্জতুল্লাহর নাম এই আসনে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। গত ঈদে তাঁর পক্ষে এলাকায় শুভেচ্ছা জানিয়ে কার্ড বিতরণ হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের একজন নেতা বলেন, এ আসনে ইজ্জতুল্লাহ দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলেও এ আসনে তাঁরা মনোনয়নপ্রত্যাশী এবং জয়ের ব্যাপারে আশাবাদী।