শরিফুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির যশোর জেলা কমিটির সভাপতি ও মিনহাজুল আরেফিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার যশোর জিলা স্কুল মিলনায়তনে জাতীয় পার্টির জেলা দ্বিবার্ষিক সম্মেলনে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁদের নাম ঘোষণা করেন। এ সময় এরশাদ আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম এরশাদ বলেন, ‘বিএনপি এখন শিয়ালের গর্তে। মাঝেমধ্যে মাথা উঁচু করে বিবৃতি দিয়ে আবার ভয়ে লুকায়। আর আওয়ামী লীগের জনপ্রিয়তা আপনারা জানেন। আমরাই একমাত্র দল, যারা মানুষের পাশে থেকে সব ভালো ভালো কাজ করেছি।’
আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, গণতন্ত্র অনেক আগেই ১০০ হাত মাটির নিচে চলে গেছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে গণতন্ত্র আবার মুক্তি পাবে।
অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এরশাদ বলেন, ‘একজন সুস্থ মানুষ শিক্ষকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। পড়াশোনা পণ্য নয়, পণ্য হলে ভ্যাট দিতে হতো। শিক্ষায় ভ্যাট আদায় করে কত টাকা পাবেন। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচারের টাকা দেশে ফিরিয়ে আনেন। শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের টাকা আদায়ের দরকার হবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, মানুষ আওয়ামী লীগ-বিএনপির দুঃশাসনের অবসান চায়। গণতন্ত্রের নামে তারা দলতন্ত্র করেছে।
সম্মেলনে জাতীয় পার্টির যশোর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভরায়, তাজ রহমান, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মিনহাজুল আরেফিন।