শরীফ-বাদলকে সমর্থন চট্টগ্রামের নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চট্টগ্রামের নেতারা দলের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে নেই। ভেঙে যাওয়া জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের প্রতি সমর্থন জানিয়েছেন চট্টগ্রামের নেতারা। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ সমর্থনের কথা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাসদ সভাপতি (ইউন) ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়ায় দলে ভাঙন সৃষ্টি হয়েছে। মন্ত্রী হওয়ার পর দলীয় প্রধান ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়ায় দলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর্থিক বিষয়ে তাঁর (মন্ত্রী) অস্বচ্ছতা, ব্যক্তিগত রাগ-অনুরাগ ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, সর্বোপরি কাউন্সিলের পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে দলে ভাঙন অনিবার্য হয়ে পড়ে। তাঁর হঠকারী কর্মকাণ্ডের কারণে কাউন্সিল ধ্বংস হয়েছে।
জাসদের কেন্দ্রীয় সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য ইন্দুনন্দন দত্ত, চট্টগ্রামের প্রবীণ জাসদ নেতা আবু মো. হাসেম, সহসভাপতি সৈয়দুল আলম, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এস এম আক্তারুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ জেলার সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু বকর সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক, প্রবীণ জাসদ নেতা জাহাঙ্গীর হোসেন চৌধুরী, বান্দরবান জেলার সভাপতি সুষসময় চৌধুরী ও সাধারণ সম্পাদক উৎ ওয়াই চিন, রাঙামাটি জেলার আহ্বায়ক মোস্তাক আহমদ চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল এক যুক্ত বিবৃতিতে বলেন, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনকে বেগবান করে দলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে শরীফ নুরুল আম্বিয়া, মঈন উদ্দিন বাদল ও নাজমুল হক প্রধানের প্রতি সমর্থন ঘোষণা করেন
যুক্ত বিবৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জাসদ নেতা ইন্দুনন্দন দত্ত প্রথম আলোকে বলেন, একটি সাজানো কাউন্সিল হয়েছে। এতে দলে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়েছে। নেতা-কর্মীরা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওই কাউন্সিল বর্জন করেছেন।
ছয় বছর পর গত শনিবার অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নেতা নির্বাচন নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) বিভক্তি স্পষ্ট হয়ে গেছে। দলটিতে দুটি কমিটি ঘোষিত হয়েছে।