শরীয়তপুর জেলা আ.লীগের সম্মেলন আজ
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৩ বছর পর আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে তৃণমূলের মতামতের ভিত্তিতে ও কাউন্সিলরদের ভোটে কমিটি করার দাবি করেছেন দলটির নেতা-কর্মীরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি গতকাল শুক্রবার বলেন, সম্মেলনের প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় নেতারা এসে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের প্রক্রিয়া নির্ধারণ করবেন।
দলের স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলন উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। দুটি অধিবেশনে সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত অতিথিদের বক্তব্যপর্ব। দুপুরের খাওয়ার বিরতির পর বেলা তিনটা থেকে শুরু হবে কাউন্সিল অধিবেশন। অনুষ্ঠানে ২৫০ জন কাউন্সিলর ও ১৫ হাজার প্রতিনিধি উপস্থিত থাকবেন। সম্মেলন উপলক্ষে পদপ্রত্যাশীরা আগে থেকেই কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ রাখছেন।
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করার চিন্তা রয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের মতামতকে গুরুত্ব দিয়ে কমিটি করা হবে।