শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি
শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবিতে গতকাল সোমবার ছাত্রলীগের কর্মীরা শহরে মানববন্ধন করেছেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বেলা ১১টায় এক ঘণ্টার এই মানববন্ধন হয়।
প্রায় তিন বছর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়। এ পর্যন্ত আর কোনো আহ্বায়ক বা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়নি। এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা প্রায় বন্ধ হয়ে যায়। ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। কমিটি গঠনের দাবিতে তৃণমূল নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে শহরে বিক্ষোভ মিছিলও করেন।
শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মহসিন মাদবর বলেন, ‘এভাবে নেতৃত্বহীন কোনো সংগঠন চলতে পারে না। কেন কেন্দ্রীয় নেতারা জেলা কমিটি গঠনের কোনো উদ্যোগ নিচ্ছেন না, তা বোধগম্য নয়।’
ভেঙে দেওয়া কমিটির সভাপতি আলমগীর হোসেন হাওলাদার বলেন, ২০০৫ সালের পর আর এখানে ছাত্রলীগের কোনো সম্মেলন হয়নি। প্রায় তিন বছর ধরে সংগঠনের কমিটি না থাকায় অছাত্র ও চাঁদাবাজ, সন্ত্রাসীরা ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করছে। এর দায়ভার নিতে হচ্ছে ছাত্রলীগকে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বদিউজ্জামান মুঠোফোনে বলেন, ‘একাধিকবার শরীয়তপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় নেতাদের সহযোগিতা না পাওয়ায় আমরা সফল হইনি। তবে শিগগিরই এই কমিটি গঠন করা হবে।’