শরীয়তপুর জেলা যুবদলের কমিটি গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা যুবদলের কমিটি গঠনের দাবিতে স্থানীয় নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের শহরের ধানুকা এলাকার বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়।
যুবদলের শরীয়তপুর জেলা শাখার নেতা-কর্মী সূত্র জানায়, ২০১৪ সালে কেন্দ্রীয় কমিটি থেকে শরীয়তপুর জেলা কমিটির নয় সদস্যের নাম ঘোষণা করা হয়। ইজাজুল ইসলামকে সভাপতি, লিটন মুন্সিকে সাধারণ সম্পাদক ও মুরাদ সরদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। মুরাদ সরদার ইতিমধ্যে মারা গেছেন। গতকাল সকালে সংবাদ সম্মেলন থেকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি তারিকুল ইসলাম বলেন, ‘জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কর্মসূচি পালন করতে সমস্যা হচ্ছে। সামনে আমাদের নানা ধরনের আন্দোলনে অংশ নিতে হবে। এখন আমাদের সংগঠিত হতে হবে। তাই দ্রুত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি।’
জেলা যুবদলের সাবেক সদস্য আলী আহাম্মেদ মোল্লা বলেন, দীর্ঘদিন যুবদলের কোনো কার্যক্রম নেই। কমিটি না থাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা যাচ্ছে না।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক লিটন মুন্সি বলেন, ‘হামলা ও মামলার ভয় উপেক্ষা করেও যুবদলের নেতা-কর্মীরা সব সময় কর্মসূচি পালন করছেন। আজও (বৃহস্পতিবার) অবস্থান কর্মসূচি পালন করেছি। আমরা তৃণমূলের বিভিন্ন কমিটি গঠন করছি।’
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি ইজাজুল ইসলাম বলেন, ‘জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। এখনো অনুমোদন হয়নি। একটি পক্ষ কেন সংবাদ সম্মেলন করেছে তা আমাদের জানা নেই। যারা সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে তারা কখনো রাজনীতিতে সক্রিয় ছিল না।’