শরীয়তপুরে ছয় ইউপির নির্বাচন ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা জটিলতার কারণে ১৯৯৮ সালের পর আর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ও আলওয়ালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়নি। ১৮ বছর পর ৩১ অক্টোবর ওই দুটিসহ ছয় ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কুচাইপট্টি ও আলওয়ালপুর ইউপি দুটি মেঘনা নদীবেষ্টিত। ১৯৯৮ সালের নির্বাচনের পর ২০০৩ সালে ও ২০১১ সালে সারা দেশের ইউপি নির্বাচনের সঙ্গে এ দুটি ইউপিরও তফসিল ঘোষণা করা হয়। কিন্তু ভোটের আগের দিন সীমানা জটিলতা নিয়ে মামলা হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়। এরপর ইউপি দুটিতে আর নির্বাচন হয়নি। এ ছাড়া সদর উপজেলার মাহমুদপুর, ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ও ছয়গাঁও এবং নড়িয়ার নশাসন ইউপিতেও নির্বাচন হবে। নারায়ণপুর ইউপির নির্বাচিত চেয়ারম্যানের মৃত্যুর কারণে সেখানে উপনির্বাচন হবে। চলতি বছর তৃতীয় ও পঞ্চম ধাপে বাকি ইউপিগুলোতে নির্বাচন হওয়ার কথা ছিল। ভোট গ্রহণের আগে মামলার কারণে উচ্চ আদালত এগুলোতে নির্বাচন স্থগিত করেন। এখন স্থগিত ইউপিগুলোয় নির্বাচন হচ্ছে। এসব ইউপিতে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ১৫ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
কুচাইপট্টির বিশকাঠালি গ্রামের নাসির উদ্দিন বলেন, ‘কুচাইপট্টির সীমানা নিয়ে জটিলতা ছিল না। তারপরও মিথ্যা তথ্য দিয়ে মামলা করে বিভ্রান্ত করা হয়েছে। এখন নির্বাচন করার জন্য কমিশন তফসিল ঘোষণা করেছে। এলাকার মানুষের মধ্যে নির্বাচনী আনন্দ বইছে।’
কুচাইপট্টি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন হাওলাদার বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
আলওয়ালপুর ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ ছিল। এখন নির্বাচনের তফসিল দেওয়া হয়েছে। আমাদের মধ্যে আনন্দ বইছে। আমি আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছি। মনোনয়ন পেলে নির্বাচন করব।’