শরীয়তপুরে প্রার্থী ও ভোটাররা শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আর এ কারণে উভয় পক্ষই ভোটকেন্দ্র দখল বা ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করছেন ভোটাররা।
গতকাল শুক্রবার জেলার বিঝারী, মোক্তারের চর, ফতেজঙ্গপুর, ঘড়িসার, পূর্ব নাওডোবা ও সেনেরচর ইউনিয়নে প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
আজ শনিবার জেলার শরীয়তপুর সদর, নড়িয়া ও জাজিরা উপজেলার ১৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি ইউনিয়নে এরই মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইউনিয়নগুলো ঘুরে দেখা যায়, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে বিঝারী, মোক্তারের চর ও সেনেরচর ইউনিয়নে। এই তিনটি ইউনিয়নে নির্বাচন-প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে প্রতিপক্ষের কর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে বিঝারী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের হামলার শিকার হয়েছেন মোতালেব মাদবর নামে এক গ্রাম পুলিশ। মোতালেব মাদবর প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালামের কর্মীরা ধামারণ গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে প্রকাশ্যে আবদুস সালামকে ভোট দিতে হবে বলে জানিয়ে দেন। নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তিনি এর প্রতিবাদ করলে আবদুস সালামের কর্মীরা তাঁকে মারধর করেন।
সালাম ও তাঁর কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক হাওলাদারও। প্রথম আলোকে তিনি বলেন, আবদুস সালামের কর্মীদের কারণে তাঁর কর্মীরা নির্বাচনী প্রচারণা পর্যন্ত চালাতে পারেননি। তাঁর কর্মীদের মারধর ও ধাওয়া করা হয়েছে। এমনকি তাঁকেও ধাওয়া করা হয়েছে। এই অবস্থায় তাঁর সমর্থকেরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি না, তা নিয়েই শঙ্কায় আছেন। ভোটকেন্দ্র দখলের আশঙ্কা তো রয়েছেই।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সালাম বলেন, ‘এগুলো ভাই আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা।’ রাজ্জাক ভোটারদের টাকা দিয়ে বিভ্রান্ত করছেন।
মোক্তারের চর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন পাঁচজন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহ আলম চৌকিদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরল ইসলাম ঢালী। তাঁকে সমর্থন জানিয়েছেন বাকি তিন প্রার্থী। এই তিনজনই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদধারী নেতা।
বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম ঢালী প্রথম আলোকে বলেন, শাহ আলমের লোকজন তাঁকে এবং তাঁর কর্মীদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। তাঁর সমর্থকদেরও ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন।
একই আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শাহ আলম চৌকিদারও। তিনি বলেন, ‘চার প্রার্থী এক হয়ে আমার বিরুদ্ধে নেমেছে। তারা ভোটকেন্দ্র দখলের ঘোষণা দিয়েছে। কোনো ধরনের সহিংসতা হলে এর জন্য তারাই দায়ী থাকবে।’
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, স্থানীয় নির্বাচনে সব সময়ই সহিংসতার আশঙ্কা থেকে যায়। কেউ কথা দিয়ে আর কেউ গায়ের জোরে জিততে চায়। তবে নির্বাচনকে ঘিরে সহিংসতা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে।