শরীয়তপুরে বিএনপির পাল্টাপাল্টি সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছর পর আজ শরীয়তপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির দুটি পক্ষ আলাদাভাবে সম্মেলনের আয়োজন করেছে।
এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। অপর পক্ষে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরু ও সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গর স্ত্রী তাহমিনা আওরঙ্গ।
শফিকুর রহমান ও নাসির উদ্দিনের সমর্থকেরা পুলিশের কাছ থেকে নাসির উদ্দিনের বাসভবন চত্বরে সম্মেলন করার অনুমতি পেয়েছেন।
জামাল শরীফ ও তাহমিনা আওরঙ্গের সমর্থকেরা শহরের ধানুকা এলাকার একটি মাঠে সম্মেলন করার প্রস্তুতি নিয়েছেন। পুলিশের কাছে আবেদন করলেও তাঁরা অনুমতি পাননি। জেলা বিএনপি সূত্র জানায়, সর্বশেষ ১৯৯১ সালে শরীয়তপুরে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন ধরে শরীয়তপুরে বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। দুটি পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছে।
শফিকুর রহমান ও নাসির উদ্দিনের সমর্থকেরা অপর পক্ষের সম্মেলন বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। বেলা ১১টার দিকে তাঁরা শহরের আনসার ক্যাম্পের সামনে আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, কেন্দ্র থেকে অনুমতি নিয়ে সম্মেলন আয়োজন করা হয়েছে। যাঁরা সম্মেলন বানচাল করার ষড়যন্ত্র করছেন, তাঁদের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরু বলেন, ‘যাঁরা কখনো রাজপথে থাকেন না, সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা নেন না, তাঁরা জেলা বিএনপির পদ দখল করে আছেন। এই ষড়যন্ত্রের সম্মেলন বাতিল করে সবাইকে নিয়ে সম্মেলন করার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি।’ সম্মেলন স্থান নিয়ে পুলিশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিদ্ধান্তের বিষয়ে আমরা অটল আছি।’