শরীয়তপুরে বিএনপির সম্মেলন স্থগিত
শরীয়তপুরে জেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। ২৫ বছর পর গতকাল বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেলা বিএনপির দুই পক্ষ পৃথকভাবে সম্মেলনের আয়োজন করে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষ সম্মেলন স্থগিত করে।
জেলা বিএনপি সূত্র জানায়, সর্বশেষ ১৯৯১ সালে শরীয়তপুরে জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। দীর্ঘদিন ধরে শরীয়তপুরে বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। দুটি পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। অপর পক্ষে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরু ও সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গের স্ত্রী তাহমিনা আওরঙ্গ। দুই পক্ষ আলাদাভাবে সম্মেলনের আয়োজন করায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহজাহান মিয়া তা স্থগিত করার নির্দেশ দেন। দুই পক্ষের নেতাদের তিনি ঢাকায় ডেকে পাঠান। গতকাল বুধবার তাঁরা ঢাকায় শাহজাহান মিয়ার বাসভবনে গিয়ে বৈঠক করেন।
জেলা বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মাহাবুব মোর্শেদ বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধ থাকায় পৃথকভাবে সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়েছিল। সমঝোতা না হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে সম্মেলন স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক রুহুল আমীন মুনশি বলেন, যাঁরা বিএনপিকে টিকিয়ে রাখতে আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা-হামলায় যাঁরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের বাদ দিয়ে একটি পক্ষ গোপনে সম্মেলনের আয়োজন করেছিল। এ কারণে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়েছিল।