দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেনকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। সভাপতি মো. সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ কথা জানানো হয়। এর আগে আক্তারকে উপজেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়।
আক্তার হোসেনের বিরুদ্ধে থাপ্পড় মেরে সেলিম মাতুব্বর নামে পুলিশের এক সদস্যের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সেলিমকে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্তার হোসেনকে উপজেলা কমিটি থেকে বহিষ্কারের খবর নিশ্চিত করে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর গতকাল বলেন, ‘আক্তার কীভাবে কমিটিতে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’
পুলিশকে চড় মারার ঘটনায় শরীয়তপুর সদর থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলাতেই আক্তার হোসেন এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাগরণ শেখকে আসামি করা হয়েছে। একটি মামলার বাদী সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম। অপরটির বাদী হয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার।
শরীয়তপুর সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, চিকিৎসককে হুমকি, অপদস্থ করা, সরকারি কাজে বাধাদান ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দুটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত মঙ্গলবার ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার তাঁর ভাগনে আক্তার হোসেনকে নিয়ে সদর হাসপাতালে যান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তাঁরা চিকিৎসকের কাছে রোগীর অনুপস্থিতিতেই তার শরীরে আঘাতের চিকিৎসাজনিত সনদ দাবি করেন। তা দিতে অপারগতা জানালে চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ সাহাকে তাঁরা অপদস্থ করেন। তখন সেখানে থাকা পুলিশের নায়েক সেলিম মাতুব্বর এর কারণ জানতে চাইলে আক্তার তাঁকে মারধর করেন। তাঁর থাপ্পড়ে ওই পুলিশ সদস্যের ডান কানের পর্দা ফেটে যায়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর সেলিম মাতুব্বরকে ঢাকায় পাঠানো হয়।