শরীয়তপুরের ১১ ইউপির পাঁচটিতে বিদ্রোহীরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার ১১টি ইউপির মধ্যে পাঁচটিতে আওয়ামী ​লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের মতামত উপেক্ষা করায় দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে বলে মনে করছেন দলের স্থানীয় নেতারা।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে নড়িয়া উপজেলার ১২টি ওজাজিরার পাঁচটি ইউপির নির্বাচন হয়েছে। এর মধ্যে জাজিরার বিলাসপুর, নড়িয়ার ভোজেশ্বর, জপসা, ভূমখারা ও ডিঙ্গামানিক ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত শনিবার বাকি ১১ ইউপির নির্বাচন হয়েছে।

এর মধ্যে জাজিরার পূর্ব নাওডোবা ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন নেছার উদ্দিন মাদবর।  বিদ্রোহী প্রার্থী হন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল চান মাদবর। তিনি ওই ইউপিতে নির্বাচিত হন। পালের চর ইউপিতে মনোনয়ন দেওয়া হয় আবুল হোসেন ফরাজিকে। সেখানে বিদ্রোহী প্রার্থী হন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান। তিনি সেখানে জয়ী হয়েছেন। জয়নগর ইউপিতে মনোনয়ন দেওয়া হয় স্থানীয় একটি এনজিওর কর্মী নাসরিন আক্তারকে। সেখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ইসমাইল খান।

পূর্ব নাওডোবা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান লাল চান মাদবর  বলেন, এখানে যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একসময় তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তৃণমূলের মতামত না নিয়ে নেতারা মনোনয়ন দেন। নেতারা ভুল করলেও ভোটাররা ভুল করেননি।

নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় মাহবুব আলমকে। সেখানে মনোনয়ন দেওয়ার জন্য তৃণমূল থেকে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আজগর সোহেল মুন্সির নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। উপজেলার বিঝারী ইউনিয়নে দলীয় মনোনয়ন দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুস সালামকে। দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন বলেন, ‘তৃণমূলকে উপেক্ষা করে নড়িয়ার অধিকাংশ মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে কেন এমন করা হয়েছে তা আমরা জানি না। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিলে ফল বিপর্যয় হতো না।’

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এখানে অনেক যোগ্য লোক রয়েছেন। তাই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল-বোঝাবুঝি হতে পারে।