
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ আজ শুক্রবার রংপুরে আসছেন। তাঁর এ সফরের মধ্য দিয়ে সম্প্রতি সৃষ্টি হওয়া দলের দুই পক্ষের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের বিষয়টি প্রাধান্য পাবে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।
নতুন কমিটির নেতারা এরশাদকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এদিকে শহরের বিভিন্ন স্থানে এরশাদের রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে রঙিন পোস্টার সাঁটানো হয়েছে। কারা বা কাদের উদ্যোগে ওই পোস্টার সাঁটানো হয়েছে, তা পোস্টারে উল্লেখ করা হয়নি। পোস্টারে এরশাদের শিক্ষাগত যোগ্যতার সনদ জাল, তাঁর নামে আবুধািব ইউনিয়ন ন্যাশনাল ব্যাংকে নিজ নামে ৩০০ কোটি টাকা এবং সৌদি আরবের জেদ্দায় বোতলজাত পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠান থাকার কথা উল্লেখ করা হয়েছে। এসব পোস্টার দেখে শহরবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে বাদ পড়া পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নতুন কমিটির কাছে জানতে চাওয়া ভালো হবে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির কমিটি স্যার (এরশাদ) যাদের হাতে তুলে দেবেন, আমি সেটিই মেনে নেব। এ নিয়ে কোনো বিরোধ থাকবে না। আর দলীয় কার্যালয়ের চাবিও নতুন কমিটির কাছে দিয়ে দেওয়া হবে। আমি দলের সাধারণ সদস্য হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।’
নবগঠিত জেলা কমিটির সদস্যসচিব সাবেক সাংসদ ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বলেন, ‘স্যারকে বরণ করে নিতে আমরা প্রস্তুত। নেতা-কর্মীরা দলের চেয়ারম্যানের আগমনের অপেক্ষায় রয়েছেন।’
মহানগর কমিটির সদস্যসচিব এস এম ইয়াসির জানান, এরশাদের বিরুদ্ধে শহরে সাঁটানো পোস্টারে যা বলা হয়েছে, তা অবান্তর। এসব পোস্টার কে বা কারা লাগিয়েছে, তা তাঁর কাছে বোধগম্য নয়।
দলীয় সূত্রে জানা গেছে, এইচ এম এরশাদ ঢাকা থেকে হেলিকপ্টারে করে এসে আজ সকাল সাড়ে ১০টায় রংপুর স্টেডিয়ামে অবতরণ করবেন। সেখানে নতুন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এরপর সেখান থেকে এরশাদ তাঁর আরকে রোডের দর্শনায় অবস্থিত নিজ বাড়ি পল্লী নিবাসে যাবেন। সেখানে তিনি কির্মসভা করবেন।
রংপুর শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয় এত দিন বিলুপ্ত কমিটির নিয়ন্ত্রণে থাকলেও গতকাল বৃহস্পতিবার পরিস্থিতি ছিল ভিন্ন। এরশাদের আগমন উপলক্ষে দলীয় কার্যালয় মুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ও মহানগরের বিলুপ্ত কমিটি পুনর্বহালে এক পক্ষের যে দাবি ছিল, সেটিও আর তোলা হবে না বলে জানা গেছে।