নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন জমে উঠেছে। প্রতীক বরাদ্দের পর পুরোদমে শুরু হয়েছে প্রচারণা। ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকেরা। ইতিমধ্যে রশিতে ঠাঙানো হয়েছে প্রার্থীদের প্রতীকসংবলিত পোস্টার। চায়ের দোকানে চলছে তুমুল আলোচনা।
এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন (নৌকা), বিএনপির শওকত হায়াত শাহ (ধানের শিষ), জাতীয় পার্টির ইলিয়াছ চৌধুরী (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের নূরুল হুদা (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আবদুল মুনতাকিম (আনারস) প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী ও তাঁদের সমর্থকেরা পাড়া-মহল্লায় মতবিনিময় সভা, পথসভা করছেন। নিজ নিজ প্রার্থীর পক্ষে মিছিল ও মাইকিং চলছে সমান তালে। তবে প্রচারণায় সবচেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মোখছেদুল মোমিন। শহরের চেয়ে গ্রামে প্রচারণা বেশি চালানো হচ্ছে।
উপজেলায় একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৭২ ও নারী ভোটার ৯০ হাজার ৪৩৫। শহর এলাকায় অবাঙালি (বিহারি) ভোটার রয়েছে প্রায় ৬০ হাজার।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক সময় দেখা যায় এই বিহারীদের ভোট প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ ভোটের আগে আগে মুরুব্বিদের সঙ্গে বৈঠক করে এরা কোনো একজন প্রার্থীকে বেছে নেন।
এদিকে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন প্রথম আলোকে বলেন, ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। ১৬ মের নির্বাচন ঘিরে পৌরসভা ও ইউনিয়ন মিলে মোট ৭১টি কেন্দ্র করা হয়েছে। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত করা হয়েছে।