শহিদুলের পক্ষে বিবৃতি গণতন্ত্রের সৌন্দর্যের অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির জন্য দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির বিবৃতিকে মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সৌন্দর্যেরই অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শহিদুলকে নামকরা আলোকচিত্রী উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়ে তিনি যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, তাহলে কি তাঁর বিচার হবে না? কেউই আইনের ঊর্ধ্বে নন এবং তাঁর মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।

আজ বোধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জন্য নির্বাচন কোনো সমস্যা না—বিএনপির নেতা মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে ড. হাছান বলেন, যদি নির্বাচন কোনো সমস্যাই না হয় তাহলে এতগুলো শর্ত দিচ্ছেন কেন? আসলে বিএনপি এখন নির্বাচনকে ভয় পাচ্ছে। গত নির্বাচনে না যাওয়ার কারণে বিএনপি নির্বাচনভীতিতে ভুগছে।

আলোকচিত্রী শহিদুল আলম প্রসঙ্গে সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, তিনি একজন নামকরা আলোকচিত্রী। তাঁর মুক্তির জন্য দেশ–বিদেশের বিভিন্ন ব্যক্তি বিবৃতি দিয়েছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সৌন্দর্যেরই অংশ। আওয়ামী লীগের এই নেতার দাবি, ‘শহিদুল আলম বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জার্মান রেডিওতে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, “সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই।” ঢাকা শহরে যখন হেফাজতে ইসলামের ব্যানারে তাণ্ডব চালানো হয়েছিল, তখন তিনি ছবি বিকৃত করে এখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে দেশে–বিদেশে প্রচার করেছেন। কোটা আন্দোলনের সময় তিনি বিদেশে বসে ভুল, মনগড়া ও বিকৃত তথ্য সরবরাহ করেছেন। সর্বশেষ নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার জন্য দেশের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি যেহেতু আলোকচিত্রী, এ জন্য ছবি বিকৃতির কৌশলটা ভালো জানেন। তাই ফেসবুকে ছবি বিকৃত করে নানা ধরনের পোস্ট দিয়েছেন। সুতরাং কেউ যদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হন, তিনি যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, তাহলে কি তার বিচার হবে না?’ তিনি বলেন, অবশ্যই কেউই আইনের ঊর্ধ্বে নন এবং তিনি মুক্তি পাবেন কি পাবেন না, সেটি আদালতের এখতিয়ার। তবে কেউ অপরাধ করলে তাঁর অবশ্যই বিচার হওয়া উচিত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, তিনি অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার ক্ষেত্রে গান ও কবিতার মধ্য দিয়ে যে অবদান রেখে গেছেন, তা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এবং অসাম্প্রদায়িক সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যুগ যুগ ধরে অনবদ্য ভূমিকা রাখবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।