শহীদ মিনার সারা বছর পরিষ্কার রাখার আহ্বান মায়ার

কেন্দ্রীয় শহীদ মিনারকে সারা বছরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, শহীদ দিবস এলেই কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়ামোছা হয়। অন্য সময় খোঁজ-খবর থাকে না।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথসভায় মায়া এসব কথা বলেন। ২২ ফেব্রুয়ারি সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। ওই সভা সফল করতে এই যৌথসভা করে আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখা।
শহীদ মিনারের মর্যাদার কথা উল্লেখ করে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বহু পর্যটক বাংলাদেশে আসে এই পবিত্র জায়গাটি দেখার জন্য। যে অবস্থা দেখে, তারা মন খারাপ করে চলে যায়। সরকারকে অনুরোধ করব, এই দায়িত্বে যে মন্ত্রণালয় রয়েছে, আজকে যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে, সারা বছর তারা যেন এমন করে রাখে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘খালেদা জিয়ার শহীদ মিনারে যেতে মানা নাই। কিন্তু আমার একটা জিনিস খুব কষ্ট হয়, তিনি যখন যান, তখন তাঁর সঙ্গে যে রাজাকার-আলবদররা যায়, তখন আমাদের কষ্ট লাগে। এই জায়গা তাদের জন্য না, এটা বাঙালিদের জন্য। যারা বাংলায় কথা বলে, তাঁদের জন্য। কিন্তু যারা বাংলায় কথা বলে, মনে মনে উর্দু পেয়ারা হয়, তাদের জন্য জায়গাটা শোভা পায় না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে যৌথসভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান প্রমুখ।
একুশে ফেব্রুয়ারিতে কর্মসূচি
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ; ভোর সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন; সকাল সাতটায় কালো ব্যাজ ধারণ; প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। আর ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।