শহীদ মিনারে বিএনপির বিশৃঙ্খল কর্মকাণ্ডের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির নেতা-কর্মীদের বিশৃঙ্খল কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একুশে উদ্যাপনের সমন্বয়কের দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল শনিবার শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বলা হয়, ২৫ ফেব্রুয়ারি সমিতির কার্যকর পরিষদের সভায় সর্বসম্মত নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি নেত্রী খালেদা জিয়ার শহীদ মিনারে আগমনকে কেন্দ্র করে ছাত্রদল, যুবদলসহ তাঁর দলীয় কর্মীদের দ্বারা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা ছাড়াও বিএনপির দলীয় চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) লোকজনও জুতা পায়ে শহীদ মিনারের মূল বেদিতে উঠে ফুল দেন এবং সেখানে দায়িত্ব পালনরত বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যদের লাঞ্ছিত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য ও শিক্ষক সমিতির নেতারা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে এলেও তাঁরা বিএনপির কর্মীদের উচ্ছৃঙ্খল আচরণের শিকার হন।