বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ও মতবিরোধ আছে। শহীদদের তালিকা তৈরি করা দরকার। বিএনপি ক্ষমতায় গেলে এই অসমাপ্ত কাজ শেষ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। তিনি দাবি করেন, প্রধান বিচারপতির সাম্প্রতিক বক্তব্যে সরকারের ভীত কেঁপে গেছে। সেখান থেকে জনগণের দৃষ্টি ফেরাতে খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে।
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এ সভার আয়োজন করে। সভা থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কৃষক দল। ৩ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে, ৪ ফেব্রুয়ারি জেলা শহরে এবং ৫ ফেব্রুয়ারি থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ সমাবেশ।
শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, এটা মিথ্যা না—এমন দাবি করে প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘হতে পারে ২৯ লাখ, হতে পারে ৩১ লাখ, ৩০ লাখই হতে পারে। এই যে দ্বিমত বা বিতর্ক, এটা আমাদের স্বাধীনতাযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের কারও প্রতি কোনো অশ্রদ্ধা প্রকাশ পায় না।’