ছয় বছর পর গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সম্মেলন। লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ছাত্রলীগের এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে জেলা ছাত্রলীগের সভাপতি পদে শহীদুল ইসলাম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আবু বক্কর সিদ্দিক।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি আবদুল খালেক। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মেহেদী হাসান। সন্ধ্যায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিজয়ী, বিজিতসহ কাউন্সিলরদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান। এর আগে ২০০৯ সালে জেলা ছাত্রলীগের সর্বশেষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।