শহীদের নাম লিপিবদ্ধ করার দাবি বিএনপির নজরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সম্মান জানানোর কর্তব্য’ পালনে এবার মুক্তিযুদ্ধে শহীদের নাম লিপিবদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা যাঁরা মুক্তিযুদ্ধ করেছি, তাঁদের তালিকা হয়েছে, হচ্ছে। আমরা সম্মানী ভাতা পাচ্ছি। যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের সম্মান জানানো কি আমাদের কর্তব্য নয়?’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বক্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ সমাবেশের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, শহীদের নাম লিপিবদ্ধ করতে শেখ মুজিব সরকারের আমলে বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। ওই কমিটি প্রথমে ২৮ হাজার শহীদের নাম লিপিবদ্ধ করেছিল। কিন্তু এটা কারও কাছে বিশ্বাসযোগ্য নয়। পরবর্তী সময়ে ২ লাখের বেশিসংখ্যক নাম অন্তর্ভুক্ত হয়েছিল। সাংবাদিক ডেভিড ফ্রস্টের সঙ্গে কথা বলার সময় শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘থ্রি মিলিয়ন’। তারপর থেকে এটাই শহীদের সংখ্যা ধরা হয়।
বিএনপির এই নেতা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, এম আর আক্তার মুকুলসহ অনেক বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা একেক রকম উল্লেখ করেছেন। খালেদা জিয়া তো কোনো সংখ্যা উল্লেখ করেননি। তাহলে তো খালেদা জিয়ার আগে তাঁদের নামে মামলা করা উচিত। শেখ মুজিব তো যুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করার জন্য কমিটি করেছিলেন। এমনকি প্রতি পরিবারকে ২ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তারপরও ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধার নাম পাওয়া গিয়েছিল।’
নজরুল ইসলাম খান বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। সরকারের উদ্দেশ্য খালেদা জিয়াকে রাজনীতি করতে দেবে না। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সরকার পতনের শেষ পেরেক। আসাদুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, মহাসচিব খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
পারলে সবাইকে গ্রেপ্তার করুন
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যে সমর্থন জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, ‘বিএনপির নেত্রী এমন কী বক্তব্য দিলেন যে তিনি অপরাধী হয়ে গেলেন? আমরা সবাই তাঁর কথায় সমর্থন জানালাম। পারলে এখন সবাইকে গ্রেপ্তার করুন।’
গতকাল দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় শাহ মোয়াজ্জেম হোসেন এ কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ কমিটি এ সভার আয়োজন করে।