
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষী হিসেবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে শাজাহান খানকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায়। এর আগে গত ২১ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রীকে দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছিল।
গত ৩ মার্চ রাজধানীর শাহবাগ থানায় আলমগীর কবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি নামে একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে সাত একর জমি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন আলমগীর কবির। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে সংগঠনটিকে ওই জমি বরাদ্দ দেয়। এতে রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি হয়েছে।
আলমগীর কবিরের বিরুদ্ধে ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে নকশা করা জমি বিনা কারণে বাতিল করে ঢাকা সাংবাদিক সমিতি লিমিটেডের অনুকূলে বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে। ওই সময় ঝিলমিল বহুমুখী সমবায় সমিতির সভাপতি ছিলেন বর্তমান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
জিজ্ঞাসাবাদ শেষে শাজাহান খান সাংবাদিকদের বলেন, এ মামলায় সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।