চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘শাজাহান খান একজন মন্ত্রী। দুই দিন তিনি দেশকে অচল করে রেখেছিলেন। যুদ্ধের পরে তিনি জাসদ করতেন। মানুষ খুন করার পরিকল্পনা যাদের (জাসদ) ছিল। সেদিন তাঁর আন্দোলনে কি চালকেরা রাস্তায় নেমেছিলেন? না, সেদিন তাঁর আন্দোলনে বিএনপি-জামায়াতের কর্মীরাই রাস্তায় নেমেছিল।’
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় পরিবহনশ্রমিকদের সাম্প্রতিক ধর্মঘট সম্পর্কে মহিউদ্দিন চৌধুরী এই মন্তব্য করেন।
চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অনুপম সেন। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বর্তমানে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক অবস্থা বিবেচনায় ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামী লীগ করেছেন এমন লোককে ভবিষ্যতে মনোনয়ন দিতে হবে।’ সভায় অনুপম সেন বলেন, ‘বাঙালির ইতিহাসে যে দিনগুলো অবিনশ্বর, তার মধ্যে ৭ মার্চ অন্যতম। কেবল বাঙালির ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীনতার শ্রেষ্ঠ ভাষণ। পৃথিবীর কোনো নেতা ১০ লাখ লোকের সামনে এভাবে স্বাধীনতার ডাক দিতে পারেননি।’
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পরাধীনতার শৃঙ্খল ভেঙে অর্থনৈতিক মুক্তি আনতে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। ৭ মার্চ তিনি স্বাধীনতার ডাক দেন। আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ শাসন করছেন। তাঁর নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সবাইকে কাজ করে যেতে হবে।’
দক্ষিণ জেলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন ও প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।