শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাদের আচরণবিধি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় একটি আচরণবিধিতে সই করেছেন রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সভাপতিরা। আজ বৃহস্পতিবার উপজেলার স্থানীয় ফরহাত আলাউদ্দিন মডেল স্কুল মিলনায়তনে ‘নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক’ ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজের সহিংসতা ও উগ্রপন্থা প্রতিরোধ এবং মর্যাদা, নিরাপত্তা, বহুত্ববাদ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই আচরণবিধি সইয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রপন্থার চ্যালেঞ্জ মোকাবিলায় ‘মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য’কে মূলনীতি হিসেবে ঘোষণা করে একটি মানবিক সমাজ গড়ে তুলতে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুস সামাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ ও জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী এই আচরণবিধিতে সই করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাটে ‘নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক’-এর প্রতিনিধি সাইফুল ইসলাম বাদশা।

ইউএনও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক সহিংসতা, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের উত্থানের আশঙ্কার পরিপ্রেক্ষিতে উপজেলার তিনটি প্রধান রাজনৈতিক দলের সভাপতিরা একত্র হয়ে যে অঙ্গীকার করেছেন, তা একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বাংলাদেশ যথেষ্ট সহিংসতা সহ্য করেছে। একে আর বাড়তে দেওয়া ঠিক হবে না।’ আচরণবিধির প্রতি সর্বোচ্চ আন্তরিকতা দেখানোর কথা বলেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি বলেন, ‘জাতীয় পর্যায়েও এই উদ্যোগ নেওয়া জরুরি। কারণ, কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করে।’

উপজেলা জাতীয় পার্টির সভাপতি বলেন, ‘এই আচরণবিধির প্রতি সৎ থাকতে পারলে সারা দেশের সামনে আমরা একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারব।’

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ‘নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক’ প্রকল্পের কার্যক্রম চলছে। প্রকল্পের ব্যবস্থাপক সৈকত শুভ্র আইচ আচরণবিধিতে স্বাক্ষরকারী রাজনৈতিক নেতাদের অভিনন্দন জানিয়ে ঘটনাটিকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা বলে উল্লেখ করেন।