শান্তিপূর্ণ কর্মসূচি চান চট্টগ্রামের ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার যে ঘোষণা দিয়েছেন তাতে হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। হরতাল-অবরোধের পরিবর্তে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দিতে তাঁর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল শুক্রবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়। এতে ব্যবসায়ী নেতারা উল্লেখ করেছেন, দীর্ঘ দুই মাসের কর্মসূচিতে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। প্রতিদিনই ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া হরতাল-অবরোধ প্রত্যাহার করবেন এমন আশা ছিল ব্যবসায়ীদের। কিন্তু সেটি না হওয়ায় তাঁরা হতাশ হয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল বশর চৌধুরী, সহসভাপতি মীর আবদুচ সালাম, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহম্মেদ, সহসাধারণ সম্পাদক আহমদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বন্দরবিষয়ক সম্পাদক স ম বখতেয়ার, প্রচার সম্পাদক মনোরঞ্জন সাহা প্রমুখ।
চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন, বিএনপির ব্যবসায়ীরাও হরতাল-অবরোধ উপেক্ষা করে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান চালু রেখেছেন। সবাই আশা করেছিল, মানুষের মধ্যে ভীতি ছড়ায় এমন কর্মসূচি খালেদা জিয়া প্রত্যাহার করে নেবেন। কিন্তু সেটি হলো না।