শান্তিপূর্ণ কর্মিসভায় চট্টগ্রাম নগর বিএনপিতে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত চট্টগ্রাম নগর বিএনপির কর্মিসমাবেশ গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এর আগে টানা দুদিন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার কর্মিসভায় সংঘর্ষের পর মহানগরের সমাবেশ শান্তিপূর্ণ করাই ছিল বিএনপির নেতাদের প্রধান লক্ষ্য। সংঘর্ষ এড়িয়ে সমাবেশ শেষ করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে গতকাল বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির অপর সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সমাবেশে খোন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাঁর দাবি, আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের উত্থান হয়েছে। সরকারের পররাষ্ট্রনীতিও নতজানু বলে উল্লেখ করেন তিনি।
‘আওয়ামী লীগ এখন কাউয়া ও ফার্মের মুরগির দল’ ও ‘ক্ষমতায় না থাকলে টাকা নিয়ে বিদেশেও পালানোর সময় থাকবে না’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক দুটি বক্তব্য তুলে ধরে খোন্দকার মোশাররফ বলেন, দুর্নীতি ও অপকর্ম করেছে বলেই আজ এই শঙ্কা। তিনি বলেন, খালেদা জিয়া কিছুদিনের মধ্যে নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন। সুশৃঙ্খল সমাবেশের জন্য কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উত্তর ও দক্ষিণ জেলায় স্লোগান নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু ওই দুই সভায় জনসমাগম ছিল বেশি।
কর্মিসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, সুকমল বড়ুয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দুই সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও জালাল উদ্দিন এবং নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান।
সমাবেশে আমীর খসরু বলেন, বিএনপির নেতা-কর্মী কিংবা জনগণ কেউ আজ ভালো নেই। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন সম্ভব নয়। এ জন্য নতুন করে চিন্তা করতে হবে।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিএনপি নির্বাচনের দল। আপস করে ক্ষমতায় যায় না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে নেতা-কর্মীদের রাজপথে থাকতে হবে।
শাহাদাত হোসেন বলেন, ফার্মের মুরগি বেশি দিন টেকে না। আওয়ামী লীগও ক্ষমতায় টিকতে পারবে না। শান্তিপূর্ণ সমাবেশের জন্য তিনি নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
যুবদলের নেতা ইয়াছিন চৌধুরী ও কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সভানেত্রী নূরে আরা সাফা প্রমুখ।
বেলা সাড়ে তিনটায় সভার কর্মসূচি শুরু হয়। সভায় বারবার নেতারা কোনো ব্যক্তির নামে স্লোগান না দিতে অনুরোধ করেন। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ছাড়া আর কারও নামে স্লোগান দেননি নেতা-কর্মীরা।