শান্তিপূর্ণ নির্বাচনের নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে শান্তিপূর্ণ নির্বাচনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার পক্ষ থেকে জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে ওয়াদা তিনি দিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গতকাল সকাল আটটা থেকে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সব জ্যেষ্ঠ নেতা ধানমন্ডিতে বসে নির্বাচন পর্যবেক্ষণ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেক শঙ্কা, অনেক তৃতীয় শক্তি, অনেক সংঘাত ও উদ্বেগ জল্পনা-কল্পনা ছিল। এর সবকিছু অমূলক ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এটার কোনো ভিত্তি যে নেই, তা নারায়ণগঞ্জের জনগণ এবং নির্বাচন কমিশন প্রমাণ করেছে। একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের পার্টি সেখানে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে এবং সরকারের সব এজেন্সি সেখানে দায়িত্ব পালন করেছে।’ তিনি বলেন, ‘এই নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। এ জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাতে চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমানসহ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর অধিকাংশ নেতা।