শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা এ হরতাল ডেকেছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যান চলাচল তুলনামূলকভাবে কম।

গতকাল বেলা তিনটায় রাজধানীর ফকিরাপুলের কালভার্ট সড়কে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের এই কর্মসূচির ঘোষণা দেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম চিশতী। ফারুকী এই ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। এ ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন তিনি।

হরতালের সমর্থনে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংগঠনটি পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল হয়।

গত বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন ফারুকী। রাত আটটার দিকে আট-নয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে তাঁদের সামনে ফারুকীকে গলা কেটে হত্যা করে।