শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের নেতাদের অভিযোগ, পুলিশ তাঁদের কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য করেছে এবং প্রতীকী অনশন-পরবর্তী মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। তবে পুলিশ এমনটা করেনি বলে দাবি করেছে।
ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতীকী অনশন শুরু হয়। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতা-কর্মী এতে অংশ নেন। প্রতীকী অনশন কর্মসূচিটি বেলা তিনটা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু পুলিশের ‘অনুরোধ’-এ দুপুর ১২টার দিকে তাঁরা কর্মসূচি শেষ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকাল নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রতীকী অনশন শুরু হয়। শুরু থেকেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য শহীদ মিনার এলাকায় অবস্থান নেন।
কর্মসূচির প্রথম থেকেই তাঁরা আমাদের কর্মসূচি দ্রুত শেষ করতে বলছিলেন। পুলিশের কারণে আমরা দুপুর ১২টার দিকে কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য হই। কর্মসূচি শেষ করে আমরা শহীদ মিনার থেকে মিছিল বের করি। তখন মিছিলের পেছন দিকে পুলিশ লাঠিপেটা করে। পরে আমরা মিছিল নিয়ে দোয়েল চত্বর এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শেষ করি।’
অবশ্য পুলিশ বলছে, তারা ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর কোনো বলপ্রয়োগ করেনি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘আমরা তাদের (ছাত্রদল) কর্মসূচিতে কোনো বাধা দিইনি। নিরাপত্তার কারণে শহীদ মিনারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। করোনা পরিস্থিতিতে কর্মসূচিটি দ্রুত শেষ করার জন্য আমরা তাদের অনুরোধ করেছি। তাদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ করা হয়নি।’
প্রতীকী অনশনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এবং তাঁদের দাবির সঙ্গে সংহতি জানাতে আমাদের এই কর্মসূচি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। দ্রুত সময়ের মধ্যে আমরা এই উপাচার্যের পদত্যাগ দাবি করছি। ওই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিভাবকসুলভ আচরণ না করে যে স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, আমরা এর বিচার চাই৷ আমরা তাঁর অপসারণ দাবি করছি।’