দীর্ঘ ১০ বছর তিন মাস পর গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। বেলা ১১টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ সম্মেলনের উদ্বোধন করেন।
গতকাল ওই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামস-উল-আলম।
সম্মেলন শেষে সৈয়দ শামস-উল-আলমকে সভাপতি ও আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম, মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এ বি তাজুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনের সাংসদ ইউনুস আলী সরকার, গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম, গাইবান্ধা-৪ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।
সর্বশেষ ২০০৫ সালের ১২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই সম্মেলনে মোহাম্মদ খালেদ সভাপতি ও আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের ১৪ মাস পর কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর মোহাম্মদ খালেদের মৃত্যু হয়। এরপর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ শামস-উল-আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর এত দিন ধরে ওই কমিটি দলীয় কার্যক্রম পরিচালনা করছিল।