শামীমকে আইন মেনে দায়িত্ব পালনের অনুরোধ আইভীর
পদত্যাগ না করে আইন মেনে সাংসদের দায়িত্ব পালন করার জন্য শামীম ওসমানের প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
শামীম ওসমানের ঘোষণার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী এ অনুরোধের কথা জানান। তিনি বলেন, ‘তিনি (শামীম ওসমান) পদত্যাগ করুন এটা আমি চাই না। সংসদ সদস্য হিসেবে তাঁর অনেক দায়িত্ব রয়েছে। আমার অনুরোধ থাকবে, তিনি আইন মেনে সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন।’
গতকাল শুক্রবার বিকেলে শহরের চানমারী এলাকায় নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আইভী।
শামীম ওসমান তাঁর সব কর্মীকে নিয়ে আইভীর পক্ষে কাজ করার ঘোষণার ব্যাপারে জানতে চাইলে আইভী বলেন, ‘কর্মী বঙ্গবন্ধুর, কর্মী জননেত্রী শেখ হাসিনার, কর্মী নৌকার। আমার কোনো কর্মী নাই। আমি মনে করি ব্যক্তিগত কারও কোনো কর্মী নাই। এই নির্বাচনে সবাই দলের কর্মী ও নেত্রীর কর্মী হিসেবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করবে।’