
বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীম তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, তাঁর বার্ষিক আয়ের পুরোটা আসে বাড়িভাড়া থেকে। কিন্তু স্থাবর বা অস্থাবর সম্পত্তিতে বাড়ির বিবরণ নেই। আর বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের গত ১০ বছরে আয় বেড়েছে প্রায় ১০ গুণ।
গত ২৭ নভেম্বর নির্বাচন কমিশনে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের হলফনামা ও সম্পদ বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ১০ বছরে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীমের বার্ষিক আয় মাত্র ২৯ হাজার টাকা বেড়েছে। কমেছে স্থাবর সম্পদ। ২০০৮ সালে দাখিল করা হলফনামায় তিনি ঢাকার ডিওএইচএসে নিজের নামে তিনটি, স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এবার তা উল্লেখ করেননি। তবে তিনি এবার তাঁর বার্ষিক আয়ের বেশির ভাগ বাড়িভাড়া থেকে আসে বলে হলফনামায় উল্লেখ করেছেন।
শামীম ২০০৮ সালে আয় দেখিয়েছিলেন ৪ লাখ ২২ হাজার ৪২০ টাকা। পেনশন ও বাড়িভাড়া থেকে তাঁর এই অর্থ আয় দেখান। আর অস্থাবর সম্পদ দেখান নগদ ১৫ লাখ টাকা ও একটি গাড়ি। স্থাবর সম্পদ দেখান ঢাকার ডিওএইচএসে একটি প্লট, নিজের নামে তিনটি ফ্ল্যাট, স্ত্রীর নামে একটি ফ্ল্যাট। গাড়ি কেনার জন্য ঋণ ছিল ৫ লাখ ৫৯ হাজার টাকা। কিন্তু তাঁর পেশা উল্লেখ করেছেন ব্যবসা। বার্ষিক আয়ের খাত ৪ লাখ ৫১ হাজার টাকা। বার্ষিক আয়ের এই পুরোটা আসে বাড়িভাড়া থেকে। তবে ব্যবসা থেকে কোনো আয় উল্লেখ নেই। অস্থাবর সম্পদ উল্লেখ করেছেন নিজ নামে নগদ ১০ লাখ ৯৪ হাজার টাকা এবং ২৬ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের একটি গাড়ি। তাঁর ঋণ আছে ৬ লাখ ৯০ হাজার ৭৮৬ টাকা। আর স্থাবর সম্পদ হিসেবে উল্লেখ করেছেন অকৃষি জমি (পরিমাণ উল্লেখ করেননি)—যার অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১ লাখ ৭৫ হাজার টাকা।
জানতে চাইলে জাহিদ ফারুক শামীম বলেন, ‘আমার ও আমার স্ত্রীর নামে ফ্ল্যাট এখনো আছে।’ সেগুলো স্থাবর সম্পদের কলামে উল্লেখ না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ইনকাম ট্যাক্সের কাগজপত্রে সেসব তথ্য উল্লেখ করা হয়েছে।’
বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ২০০৮ সালে তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেন, তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৯৮ হাজার টাকা। তাঁর ওপর নির্ভরশীলদের আয় দেখান ১ লাখ ৮ হাজার টাকা। কিন্তু এবার তিনি সম্পদ বিবরণীতে তাঁর আয় দেখান ৪৮ লাখ ৭১ হাজার টাকা। সে অনুযায়ী গত ১০ বছরে তাঁর আয় বেড়েছে প্রায় ১০ গুণ। এবার আয়ের খাত হিসেবে তিনি উল্লেখ করেন কৃষি, ব্যবসা, বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া, সম্মানী ও ব্যাংক মুনাফা। এর মধ্যে ভাড়া পেয়েছেন ১২ লাখ টাকা এবং সম্মানী ২৪ লাখ টাকা। মজিবর রহমানের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ-এলএলবি। আইনজীবী হিসেবে তিনি এ সম্মানী পেয়েছেন বলে জানিয়েছেন।
২০০৮ সালে হলফনামায় তিনি উল্লেখ করেন, তাঁর অস্থাবর সম্পদ ১ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। এর মধ্যে আছে ব্যাংকে জমা, শেয়ার ও অন্যান্য বিনিয়োগ, আসবাব, গাড়ি, ইলেকট্রনিক সামগ্রী, তিনটি গাড়ি। আর ব্যবসার মূলধনের জের দেখিয়েছেন ১ কোটি ৫ লাখ টাকা। আয় বাড়া প্রসঙ্গে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আমি কেবল রাজনীতি করি না। একাধারে হাইকোর্টের আইনজীবী, ব্যবসাও করি। আমার রিয়েল এস্টেটের ব্যবসা আছে।’