শাসক দলে হাইব্রিড ও মূলধারার দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের প্রবল দ্বন্দ্ব। হাইব্রিড ও মূলধারা নামের এই দুই পক্ষ পরস্পরের মুখোমুখি। অন্যদিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা মামলা ও পুলিশি অভিযানে বিপর্যস্ত। বিস্তারিত প্রতিবেদন করেছেন আশীষ-উর-রহমান ও অজয় কুন্ডু

মাদারীপুরে আওয়ামী লীগের দুই পক্ষ। এক পক্ষ অন্য পক্ষকে বলে ‘হাইব্রিড’। শুধু টেন্ডার-তদবির নিয়েই ব্যস্ত। তৃণমূলের সঙ্গে কোনো সংযোগ নেই। উভয় পক্ষের দ্বন্দ্ব এতটাই তীব্র যে জেলায় ক্ষমতাসীন দলের রাজনৈতিক কার্যক্রম দুই ভাগ হয়ে পড়েছে।

আওয়ামী লীগের দলীয় অবস্থান সেখানে বেশ শক্ত। তিনটি সংসদীয় আসনই বহুদিন ধরে আওয়ামী লীগের। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি মাদারীপুরে কোনো আসন পায়নি। মাদারীপুর-১ (শিবচর) আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন। আগে সাংসদ ছিলেন তাঁর বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী। মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসনের সাংসদ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ (কালকিনি-মাদারীপুর) আসনের সাংসদ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

জেলায় ক্ষমতাসীন দলটির রাজনীতি দ্বিধাবিভক্ত হয়েছে শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমকে ঘিরে। শাজাহান খানের পক্ষে স্থানীয় নেতৃত্ব দিচ্ছেন তাঁর চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান। আর বাহাউদ্দিন নাছিমের পক্ষে তাঁর ছোট ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর পৌরসভার মেয়র খালিদ হোসেন। বিভিন্ন জাতীয় দিবস পালন থেকে শুরু করে কেন্দ্রঘোষিত সব কার্যক্রম জেলায় পালিত হয় আলাদাভাবে। ঠিকাদারি, সুযোগ-সুবিধা, সামাজিক প্রভাবসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে উভয়ে উভয়ের প্রবল প্রতিপক্ষ।

দুই পক্ষে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত ২২ এপ্রিল শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের তত্ত্বাবধানে গঠিত ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একটি আবাসিক হোটেল, হোটেলটির সঙ্গে সংযুক্ত একটি দোকানঘরেও হামলা ও ভাঙচুর হয়। সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্র পরিষদ নির্বাচন নিয়েও রয়েছে দুই পক্ষের দ্বন্দ্ব।

জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৬ সালে। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ জেলা কমিটি করতে সময় লেগেছে সাত বছর। জেলা সভাপতি শাহাবুদ্দিন মোল্লা ঢাকায় থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে রাখঢাক না করেই বললেন, ২০ বছর ধরে রাজৈর উপজেলায় কোনো সম্মেলনই করতে পারেননি, তাই কমিটিও হয়নি। একই অবস্থা কালকিনি আর শিবচরেও। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটিতেই দুটি করে কমিটি। এই হলো জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা। কাজল কৃষ্ণ দে ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছেন। বরাবরই মাঠের সক্রিয় কর্মী। ১৯৯৬ সালে রাজপথে আন্দোলনরত অবস্থায় পুলিশের নির্যাতনের শিকার হয়ে একটি চোখ হারিয়েছেন।

দলের জেলা কার্যালয় নিয়ন্ত্রণ করেন সভাপতি-সাধারণ সম্পাদকসহ একটি অংশ। তাঁরা বাহাউদ্দিন নাছিমের অনুসারী। অন্য পক্ষের মতে, এই অংশ আওয়ামী লীগে আসা ‘হাইব্রিড’। মন্ত্রী শাজাহান খানের অনুসারী এই হাইব্রিডদের দাপটে অপর পক্ষটি নাকি কোণঠাসা। নাম প্রকাশে অনিচ্ছুক তরুণ নেতারা বললেন, বর্তমানে জেলার সব রকম আর্থিক, সামাজিক ও প্রশাসনিক সুযোগ-সুবিধা, পদ-পদবি এখন হাইব্রিডদের নিয়ন্ত্রণে।

নৌমন্ত্রী শাজাহান খানের অনুসারীদের দেখভাল করেন তাঁর ভাই উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। তিনি শহরের সুমন হোটেল এলাকায় একটি ভবনে বসেন। এটি তাঁর ব্যবসায়িক কার্যালয়, একই সঙ্গে রাজনৈতিক কার্যালয়ও। এখানেই কথা হলো তাঁর সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, তাঁদের যারা হাইব্রিড বলছে, তারা ইতিহাস জানে না। শাজাহান খানের বাবা আচমত আলী খান ছিলেন মাদারীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রাদেশিক পরিষদ, গণপরিষদ ও জাতীয় সংসদের সদস্য ছিলেন। পরিবারের দীর্ঘ ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শুধু মাদারীপুর সদর নয়, সারা জেলারই দলের অধিকাংশ প্রবীণ ও নতুন প্রজন্মের নেতা-কর্মী তাঁদের সঙ্গে আছেন। মাদারীপুরে অতীতেও তাঁরাই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, এখনো তাঁরাই দিচ্ছেন। ‘হাইব্রিড’ বলে কিছু নেই।

আচমত আলী খান মাদারীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলেও তাঁর বড় ছেলে শাজাহান খান জাতীয় সমাজতান্ত্রিক দল করতেন। তিনি মাদারীপুর-২ আসনে ১৯৯১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের কাছে হেরে যান। পরে ওই বছরই তিনি আওয়ামী লীগে যোগ দেন। আবদুর রাজ্জাক আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে শাজাহান খান নির্বাচিত হন। ১৯৯৭ সালে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কাউন্সিলে তিনি বড় পদ পাবেন বলে প্রচার ছিল, কিন্তু জেলা আওয়ামী লীগে কোনো পদ পাননি। এ নিয়ে শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত।

অভিযোগ আছে, শাজাহান খানের অনুসারীরা বাহাউদ্দিন নাছিমের ভাই ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি খালিদ হোসেনের ওপর হামলা চালান। তবে তিনি প্রাণে বেঁচে যান। সেই থেকে উভয় পক্ষের দ্বন্দ্ব তীব্র হয়েছে। পৌরসভার মেয়রের কার্যালয়ে কথা হয় খালিদ হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘কেউ কেউ মনে করেন পীরের ছেলেই পীর হবেন। বাদবাকিরা সবাই মুরিদ হয়ে থাকবে। তারা কিছু জানে না, বোঝে না। হাতজোড় করে সামনে দাঁড়িয়ে থাকবে। আমরা এই ধারার রাজনীতিতে বিশ্বাস করি না।’

খালিদ হোসেনের মতে, এখানে সবকিছু এককেন্দ্রিক করার চেষ্টা চলছে। এমনকি শহরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, তাতেও কোনো সমন্বয় হচ্ছে না। অনেক ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। তিনিও কারও নাম উল্লেখ না করে বলেছেন, অনেক কিছু সরাসরি বলা যাচ্ছে না। ব্যবসা-বাণিজ্য, প্রশাসন—এসব কারা নিয়ন্ত্রণ করছে, এলাকার মানুষ সবাই তা জানে। তবে যাঁরা বঙ্গবন্ধুর আদর্শের মূলধারার রাজনীতিতে বিশ্বাসী, শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল, তাঁদের নিয়েই বাহাউদ্দিন নাছিম মাদারীপুর আওয়ামী লীগের কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।

আগামী সংসদ নির্বাচন ঘিরে এলাকায় আরও দুজনের নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান। দুজনই মাদারীপুর-৩ আসনে প্রার্থী হতে চান বলে শোনা যাচ্ছে।