শাসক দলের লোকেরা চাঁদাবাজিতে মেতে উঠেছে: বিএনপি
ঈদকে কেন্দ্র করে সারা দেশে শাসক দলের লোকেরা চাঁদাবাজিতে মেতে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধেও চাঁদা নেওয়া এবং মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার সংবাদ ব্রিফিংয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন। তিনি বলেন, অতীতেও চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল, তবে এবার মাত্রাটা অনেক গুণ বেড়ে গেছে। ঈদ উপলক্ষে সর্বত্র চাঁদাবাজির একটা মহোৎসব, ত্রাস চলছে।
আসাদুজ্জামান ঈদের আগে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, ‘এখনো আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা কারাগারে বন্দী রয়েছেন। সরকারের মন্ত্রী-নেতারা পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন, একইভাবে বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারেন, এই মানবিক আবেদনটি আমরা সরকারের কাছে রাখতে চাই।’
খালেদা জিয়া ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন: সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে, বেলা সোয়া একটা পর্যন্ত সর্বস্তরের মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।