শাসকগোষ্ঠী রক্তের নেশায় উন্মাদ: ২০ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের আন্দোলনে ক্ষমতা হারাবার ভয়ে শাসকগোষ্ঠী ‘রক্তের নেশায় উন্মাদ’ হয়ে উঠেছে বলে মনে করে ২০-দলীয় জোট। আটকাবস্থায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিও আকর্ষণ করে জোটটি।
আজ বুধবার সন্ধ্যায় ২০-দলীয় জোটের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
সেলিমা রহমান বিবৃতিতে বলেন, ‘প্রতিনিয়ত কুৎসিত হুমকি, জুলুম-নির্যাতন, অধিকার হরণ, মিথ্যা মামলায় গ্রেপ্তার, অপহরণ-গুম-খুন, নাশকতা অন্তর্ঘাত চালিয়েও শেষ রক্ষা হচ্ছে না দেখে তারা এখন তথাকথিত বন্দুকযুদ্ধের নির্মম নিষ্ঠুর নাটক সাজিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে গিয়ে হত্যার তাণ্ডবে মেতে উঠেছে। ’
বিবৃতিতে রাজধানীর খিলগাঁও এলাকায় ছাত্রদলের নেতা নুরুজ্জামান জনি, মতিঝিলে নড়াইলের পৌর কাউন্সিলর ইমরুল কায়েস ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাত্রদলের নেতা মতিউর রহমানকে গুলি করে হত্যার ঘটনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে নিহতদের গণতান্ত্রিক আন্দোলনের ‘বীর শহীদ’ হিসেবে বর্ণনা করা হয়।
সেলিমা রহমান বলেন, ‘বিচারবহির্ভূত এই বর্বর হত্যালীলা বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের এমন উচ্ছৃঙ্খল আচরণ করার ও বেআইনি হত্যাকাণ্ড ঘটাবার কোনো অধিকার দেওয়া হয়নি। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীনদের অবশ্যই দায়ী থাকতে হবে এবং জড়িত সকলের বিরুদ্ধে আগামীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’ বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনীর প্রতিটি সদস্যকে নিরপেক্ষভাবে আইনসম্মত পন্থায় কর্তব্য পালনেরও আহ্বান জানান সেলিমা রহমান। তিনি বলেন, ‘তারা আমাদের প্রতিপক্ষ নন। আমরাও তাদের বিরুদ্ধে নই। আমরা আশা করি, তারা এ দেশের সন্তান হিসেবে জনগণের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা ও অনুভূতির পক্ষে দাঁড়াবেন এবং কোনো অন্যায় ও বেআইনি আদেশ নির্দেশ পালনে বিরত থাকবেন। ’
বিবৃতিতে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ‘দেখামাত্র গুলি’ করার ঘোষণার কঠোর সমালোচনা করা হয়। সেলিমা রহমান বলেন, ‘হানাদারি কার্যকলাপ অবিলম্বে বন্ধ না করলে, এর জন্য পরিস্থিতির যদি আরও নৈরাজ্যকর অবনতি ঘটে, তবে তার দায়ভার পুরোপুরি হুকুমদাতা ও পরিকল্পনাকারীদেরই বহন করতে হবে। ’
সেলিমা রহমান বিবৃতিতে আরও বলেন, ‘রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধানের দেশি-বিদেশি আহ্বানকে উপেক্ষা করে দমনপীড়নের পথে সমাধানের অপচেষ্টা এবং বিরোধী দলের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে ক্রমাগত কুৎসা ও হুমকির পরিণাম শুভ হবে না। রাজনৈতিক আন্দোলনের নামে অতীত সন্ত্রাসী তৎপরতার হুকুমদাতাদেরও আগামীতে আইনামলে আনার সুযোগ সৃষ্টি হবে। কাজেই সকলকে আমরা সংযত ও পরিণামদর্শী হবার আহ্বান জানাই। আহ্বান জানাই হানাহানি ও দমনপীড়নের পথ ছেড়ে সমঝোতার লক্ষ্যে পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক করার। ’