শাস্তি না হওয়ায় একের পর এক শিক্ষক খুন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানিয়ে বলেন, দেশে ন্যায়বিচার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগের হত্যাকাণ্ডগুলোর প্রকৃত রহস্য উন্মোচন ও শাস্তি না হওয়ায় একের পর এক শিক্ষক খুনের ঘটনা ঘটছে।
গতকাল রোববার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ও বিরোধী দল দমনে ব্যবহার করার কারণে সারা দেশে খুন, গুম, অপহরণ, গুপ্তহত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে গেছে। সহিংস তাণ্ডব ও বেআইনি কর্মকাণ্ড এবং বিচারহীনতার কারণে দুষ্কৃতকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।
আলাদা এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনার জন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ওই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার কোনোটিতেই সরকার প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারেনি।