শাস্তি পুনর্বিবেচনার দাবিতে উপাচার্যের সঙ্গে ছাত্রলীগ সভাপতির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ২৩ নেতা-কর্মীকে বহিষ্কারের শাস্তি পুনর্বিবেচনার দাবিতে উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান। আজ রোববার বেলা দুইটার দিকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপাচার্যের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে এ শাস্তি দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ছাত্রলীগের যে ২৩ নেতা-কর্মীকে বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে, তাঁরাই বিভিন্ন সময় মারধরের শিকার হয়েছেন। কিন্তু প্রশাসন তখন কোনো ব্যবস্থা নেয়নি। ‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায়’ তারা (ছাত্রলীগ) যখন হামলা করল তখনই প্রশাসন ব্যবস্থা নিল।

মাহমুদুর রহমান আরও বলেন, ‘শাস্তির মাত্রাও বেশি হয়েছে। শাস্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছি। একই সঙ্গে যেসব ঘটনার বিচার হয়নি সেগুলোর বিচার দাবি করেছি। উপাচার্য বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ আগস্ট মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদের পক্ষের ওপর হামলা চালায় সাধারণ সম্পাদক অনিন্দ্য বাড়ৈই পক্ষের নেত-কর্মীরা। এতে সাতজন আহত হয়। এ ঘটনায় গতকাল শনিবার রাতে সিন্ডিকেট সভায় ছাত্রলীগের ২২ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং এক নেতার সনদ স্থগিত করা হয়। এ ছাড়া ২৩ জনের প্রত্যেককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

ছাত্রলীগসূত্রে জানা গেছে, হামলার ঘটনায় শাস্তি পাওয়া নেতা-কর্মীরা মূলত বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাহমুদুর রহমানের পক্ষের। আর হামলার শিকার নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক রাজীব আহমেদের পক্ষের।

এ ব্যাপারে রাজীব আহমেদ বলেন, ‘যারা হামলা করেছে তাদের শাস্তি হয়েছে। অন্য ঘটনাগুলোর বিচার হোক তা আমরাও চাই।’

রাজনৈতিক কারণে এ শাস্তি দেওয়া হয়েছে—ছাত্রলীগ সভাপতির এই অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, এখানে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। অন্য ঘটনাগুলোরও বিচার করা হবে। কিন্তু এই হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ এবং হতাহতের সংখ্যা বেশি হওয়ায় এর বিচার আগে করা হয়েছে।