নির্বাচন থেকে বিদ্রোহীদের সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলের ধানমন্ডি কার্যালয় থেকে ডাকযোগে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে বিদ্রোহীদের কাছে। এরপর অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে শাস্তি হলেও নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর কথা জানিয়েছেন কয়েকজন প্রার্থী।
প্রথম আলোর পক্ষ থেকে ১০ জন বিদ্রোহী প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। কারণ দর্শানোর চিঠি তাঁরা পাননি বলে জানিয়েছেন। এর মধ্যে নোয়াখালীর আজিজুল বাশার ও চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার আলী মনসুর প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান। অবশ্য ছয়জন নির্বাচন থেকে সরবেন না বলে জানিয়েছেন।
বুধবার রাতে বিদ্রোহীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। সারা দেশে আওয়ামী লীগের ৭৫ জন নেতা বিদ্রোহী বা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে ঝরে যান ১৭ জন। কয়েকজন দলের চাপে প্রত্যাহার করেন। তবে এখনো অন্তত ২০ জন সম্ভাবনাময় প্রার্থী ভোট করার বিষয়ে অনড় বলে দলের কেন্দ্রীয় একাধিক নেতা জানান।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাম প্রথম আলোকে বলেন, কারণ দর্শানোর চিঠি চলে গেছে। গণমাধ্যমে খবর পেয়েই বেশির ভাগ বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়িয়েছেন। অন্যরাও প্রত্যাহার করবেন।
ভোলার দৌলতখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এই পৌরসভায় দলের প্রার্থী বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার। গতকাল জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, তাঁকে দল থেকে মৌখিকভাবে সরে যেতে বলা হয়েছে। এখনো লিখিত কিছু পাননি। শাস্তি পেলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি।
রাঙামাটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। কিন্তু এখানে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও দুবারের মেয়র হাবিবুর রহমান। তিনি জানান, যে শাস্তিই আসুক, তিনি নির্বাচন করবেন। আওয়ামী লীগের রাজনীতি করেন। বহিষ্কার করলেও তিনি আওয়ামী লীগেরই রাজনীতি করবেন।
ময়মনসিংহের গৌরীপুরে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন পৌর আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম। তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, এর আগেও তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন। এবারও করবেন। এই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম।
মাদারীপুরের কালকিনিতে বিএনপির কোনো প্রার্থী নেই। সেখানে আওয়ামী লীগেরই তিনজন মাঠে আছেন। এর মধ্যে দলের মনোনীত প্রার্থী এনায়েত হোসেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ও সদস্য মশিউর রহমানও প্রার্থী আছেন।
আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্র থেকেই কালকিনির নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হবে না বলেই সিদ্ধান্ত আছে।
সিলেটের গোলাপগঞ্জ এবং শরীয়তপুরের ডামুড্যা, ভেদরগঞ্জ ও নড়িয়া পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও সরে না দাঁড়ানোর কথা জানিয়েছেন।