শাহজাদপুর উপজেলা আ.লীগের কমিটি অনুমোদন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত শনিবার জেলা আওয়ামী লীগ এই কমিটির অনুমোদন দিয়েছে।
স্থানীয় সাংসদ হাসিবুর রহমানকে কমিটির সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আজাদ রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কাউন্সিলের মাধ্যমে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বর্তমান সাংসদ হাসিবুর রহমানকে সভাপতি এবং সাবেক সাংসদ চয়ন ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কিন্তু ওই কমিটি দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দিতে পারেনি। এর মধ্যে চলতি বছরের ১৭ অক্টোবর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় চয়ন ইসলাম সাধারণ সম্পাদক পদ থেকে সরে জেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রায় ২২ মাস পর শনিবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের কাছে জমা দেয়।
জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী বলেন, চয়ন ইসলামের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। শনিবার শাহজাদপুর উপজেলা কমিটি জমা দেওয়ার পর সেটি অনুমোদন করা হয়েছে। তবে এ কমিটিতে চয়ন ইসলামকে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।