দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করার হয়েছে।
একই সঙ্গে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ, যুগ্ম সম্পাদক নেছারুল হক, দপ্তর সম্পাদক আকাশ মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ফয়সাল ইসলাম এবং পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক একরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির জরুরি সভা হয়।
সভায় শাহজাদপুরে ৬ সেপ্টেম্বর দুপুরে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মারুফ হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ওই ৫ নেতাকে দায়ী করা হয়েছে। যে কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁদের সাময়িক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই মর্মে ৪৮ ঘণ্টার সময় উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংগঠনের শাহজাদপুর উপজেলা শাখার কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।