শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন নেতা-কর্মী আহত হয়েছেন।

আজ রোববার বিকেলে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন ও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। ফুটবল টুর্নামেন্টের কমিটি গঠনকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আসিফ হোসেন পক্ষের সমর্থক ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-স্কুলবিষয়ক সম্পাদক ফাইজ খান, ইমরান খানের সমর্থক উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান এবং ছাত্রলীগ কর্মী মনোয়ার হোসেন ও কামরুল ইসলাম আহত হয়েছেন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ তালুকদার মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাস শান্ত রয়েছে।