শাহবাগে হরতালকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় কয়েকটি বাম দলের ডাকা আধা বেলার হরতাল চলছে। সকাল ১০টার পর শাহবাগে বাম ছাত্রসংগঠনের জোট প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান থেকে পানি ছোড়ে। সংগঠনের নেতারা বলছেন, সেখান থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন ১৬ জন।

সংগঠনের নেতারা বলছেন, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা। তাঁদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন নাসিরউদ্দিন ও ভজন। আহত ব্যক্তিদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আটক ও আহত ব্যক্তিদের ব্যাপারে পুলিশের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

হরতালকারীদের মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ। বেলা ১১টার দিকে শাহবাগের ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

সকাল আটটার দিকে শাহবাগ মোড়ে টায়ার জ্বেলে ও ইট রেখে সড়ক অবরোধ করে প্রগতিশীল ছাত্রজোট ও হরতালকারীরা। এ সময় প্রায় ৪০ মিনিট শাহবাগকেন্দ্রিক এলাকায় যান চলাচল বন্ধ ছিল। ওই এলাকায় পুলিশ মোতায়েন ছিল। পরে হরতালকারীরা মিছিল নিয়ে রূপসী বাংলা হোটেল ঘুরে আজিজ সুপার মার্কেটের দিকে চলে যায়। এ সময় সংগঠনের নেতারা গ্যাসের দাম কমাতে সরকারের প্রতি দাবি জানান। না কমালে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন।

এ ছাড়া সকালে পল্টন, মিরপুর, মোহাম্মদপুর ও লালবাগে হরতালের সমর্থনে মিছিল হয়েছে। পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে রাস্তার একাংশ অবরোধ করে রাখে হরতালকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। হরতালকারীদের অভিযোগ, মিরপুর এক নম্বরে মিছিলে পুলিশ বাধা দিয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল চলবে।

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। আমরা এর প্রতিবাদে এই হরতাল ডেকেছি। আমাদের এই ডাকে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল পালিত হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, সরকারি দলের নিয়ন্ত্রণাধীন পরিবহন কোম্পানিগুলো জোর করে রাস্তায় বাস বের করছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘মিরপুর এক নম্বরে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। তবে আমরা দুপুর ১২টা পর্যন্ত হরতালের পক্ষে রাজপথে অবস্থান ও মিছিল চালিয়ে যাব।’

এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার সব কাজ, অগ্নিনির্বাপণব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজ হরতালের বাইরে রাখা হয়েছে। হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন।