শাহবাগের পর আর এগোতে পারল না বাম জোট
বাম গণতান্ত্রিক জোট ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ পালন উপলক্ষে আজ বুধবার মিছিল করেছে। জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলেও শাহবাগের পর আর এগোতে পারেননি। কয়েকবার পুলিশের বাধায় পড়েন তাঁরা। তবে জোটের কর্মীরা বাধা ঠেলে সামনে এগিয়ে যেতে চাইলেও নেতাদের সমর্থন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
রাজধানীর পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ‘কালো পতাকা মিছিল’ বের করে বাম গণতান্ত্রিক জোট। প্রায় ৩০০ নেতা-কর্মী দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল শুরু করেন। এ সময় পুলিশ সড়ক থেকে গাড়িগুলোকে এক পাশে সরিয়ে মিছিল করার জায়গা করে দেয়। বেলা পৌনে একটায় মৎস্য ভবন পর্যন্ত মিছিলটি এলে সেখানে কিছু পুলিশ নেতা-কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা অতিক্রম করে শিশুপার্কের সামনে গেলে পুলিশের প্রতিবন্ধকতার মুখে পড়ে মিছিলটি। সেখানে কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। প্রতিবন্ধকতা কাটিয়ে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
শাহবাগে পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে সামনে এগিয়ে যেতে চেয়েছিলেন এই জোটের কর্মীরা। কিন্তু নেতাদের সমর্থন পাননি তাঁরা। এতে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতা সুস্মিতা রায় সুপ্তি নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি সামনে এগোনোর চেষ্টা করলেন?’ তাঁর এ প্রশ্নের পর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার নেতাদের উদ্দেশে বলেন, ‘কর্মীরা বারবার মার খায়। আর আপনারা এভাবে শেষ করে দেন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ভোট চুরি করে ১৮ কোটি মানুষকে অপমান করা হয়েছে। গত ৫০ বছরে দেশের মানুষকে এমন অপমান কেউ করেনি। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’ সরকারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, এ সরকারকে ক্ষমতা থেকে নামানোই তাঁদের প্রাথমিক লক্ষ্য।
জোটের সমন্বয়ক আবদুল্লাহ আল কাফি রতন বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যে নির্বাচন কমিশন এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তিনি সে কমিশনেরও পদত্যাগ দাবি করেন।
‘কর্মীরা বারবার মার খায়। আর আপনারা এভাবে শেষ করে দেন।’সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী)
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সমাবেশে বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ৬ জানুয়ারি বাম জোট নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।
এদিকে শাহবাগে পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে সামনে এগিয়ে যেতে চেয়েছিলেন এই জোটের কর্মীরা। কিন্তু নেতাদের সমর্থন পাননি তাঁরা। এতে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতা সুস্মিতা রায় সুপ্তি নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি সামনে এগোনোর চেষ্টা করলেন?’ তাঁর এ প্রশ্নের পর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার নেতাদের উদ্দেশে বলেন, ‘কর্মীরা বারবার মার খায়। আর আপনারা এভাবে শেষ করে দেন।’