শিকাগোতে জিয়ার নামে রাস্তা রুষ্ট আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো নগরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামের নামফলক উন্মোচন করা হবে কাল রোববার দুপুরে।

এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শিকাগোতে জড়ো হচ্ছেন এ-সংক্রান্ত অনুষ্ঠানকে ঘিরে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে নগরের মেয়র রাম ম্যানুয়েলের। আর নামকরণ উদ্যোগকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েছেন স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ওই নামকরণ উদ্যোগের প্রতিবাদে শিকাগোতে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ ডাকা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ সমাবেশ হওয়ার কথা। এতে যোগ দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এরই মধ্যে শিকাগোতে গেছেন।

আওয়ামী লীগের নেতা কাজী কয়েস ও শাহিন আজমল প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর নামে নগরে একটি সড়কের নাম রয়েছে। এর পাল্টা জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের এই উদ্যোগে মহলবিশেষের নোংরা রাজনীতিরই বহিঃপ্রকাশ ঘটেছে।

দলটির আরেক নেতা আবদুর রহিম বাদশাহ অভিযোগ করেন, সিটি কাউন্সিলকে প্রভাবিত, লবিস্ট নিয়োগ ও বিপুল অর্থ ব্যয় করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিকাগোর রাজনীতিবিদদের জিয়াউর রহমান এবং তাঁর দল বিএনপি সম্পর্কে সঠিক ধারণা দিতে বিক্ষোভসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

সম্প্রতি নগরের সিটি কাউন্সিলের সভায় নর্থ ক্লার্ক সড়কের একটি অংশ জিয়ার নামে নামকরণের প্রস্তাব গৃহীত হয়। কাল নামফলক উন্মোচন অনুষ্ঠানে মেয়রসহ শিকাগোর নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এতে উপস্থিত থাকবেন বলে প্রথমে জানানো হলেও পরে বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে নিশ্চিত করা হয়।

ইলিনয় অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের অ্যাডভাইজরি কমিটির সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা মোজাম্মেল নান্টু ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক ফোরামের (জাসাস) সাবেক নেতা মোসাদ্দেক মিন্টু জানান, নামফলক উন্মোচন অনুষ্ঠানকে বর্ণাঢ্য করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।