শিক্ষক-শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত বিএনপি। দলটি মনে করে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নেবে।
আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
রিপন বলেন, শিক্ষকদের দাবির প্রতি প্রতি বিএনপি সহানুভূতিশীল। তাঁদের কর্মসূচির প্রতিও তাদের পূর্ণ সমর্থন আছে। দলটি ভবিষ্যতে সরকার গঠনে সক্ষম হলে শিক্ষকদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানান।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘শিক্ষক সমাজ তাদের দাবিগুলো আদায়ে যে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে শিক্ষকদের যাতে কর্ম বিরতি পালন করতে না হয়, ক্লাস-পরীক্ষা গ্রহণে অস্বীকৃতি জানাতে না হয়, সে জন্য সরকার শিক্ষকদের দাবি মেনে নেবেন বলে আমরা বিশ্বাস করি। ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন যেন সংকটে নিপতিত না হয় বিষয়টি সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে।’
শিক্ষকদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে তাঁকে বরখাস্ত করার দাবি জানান রিপন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে রিপন বলেন, সরকারের শিক্ষা সংকোচন নীতি ও বাণিজ্যিকীকরণের নীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। গতকাল বুধবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দাও জানান বিএনপির এই মুখপাত্র।