শিক্ষক সমিতির নির্বাচন ফের স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটকেন্দ্রে ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতপন্থী এবং আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে হট্টগোলের জের ধরে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর নির্বাচন কমিশনের সদস্যরা পদত্যাগ করেছেন। এর আগে এ নির্বাচন দুই দফায় স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে মুঠোফোনসহ যেকোনো ধরনের (ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা) ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি নোটিশ দেয়। গতকাল শনিবার সকাল নয়টা থেকে নির্বাচন শুরু হওয়ার কথা ছিল। এর আগে কলা অনুষদে অবস্থিত শিক্ষক লাউঞ্জে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক এবং আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে সেখানে উপস্থিত কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে অন্যত্র সরিয়ে নেন। এ ঘটনার পর ওই সময়ই নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করে।
পরে সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মিজানুর রহমান এবং নির্বাচন কমিশনের অপর দুই সদস্য অধ্যাপক আবদুল মোত্তালিব ও রবিউল হোসেন পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগপত্র শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেন। গত বছরের ডিসেম্বরে একবার এবং এ বছরের জানুয়ারিতে একবার নির্বাচন স্থগিত করা হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন। আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের কারণ অবহিতকরণের দাবি এবং ঘটনার নিন্দা জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘আমাদের ব্যক্তিগত সমস্যা থাকায় আমরা পদত্যাগ করেছি।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রাশিদ আসকারী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখন অতিসত্বর আমাদের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে আরেকটি নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনের কাজ সম্পন্ন করতে হবে।’