শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের ১৪টিতেই জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহা. রেজাউল করিম বিজয়ী হন।

ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক হাবিবুর রহমান। তিনি জানান, হলুদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান, কোষাধ্যক্ষÿপদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ। হলুদ প্যানেল থেকে জয়ী কার্যনির্বাহী কমিটির নয় সদস্য হলেন অধ্যাপক মিজানুর রহমান খান, অধ্যাপক ফিরোজ আলম, অধ্যাপক এ কে এম আখতার হোসেন, অধ্যাপক শেখ মো. নূরউল্লাহ, অধ্যাপক মর্ত্তুজা খালেদ, অধ্যাপক আনসার উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম, সহযোগী অধ্যাপক আবদুল আলীম ও প্রভাষক সৈয়দা নুসরাত জাহান।

নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা প্যানেল থেকে সদস্য পদে একমাত্র জয়ী হলেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক সনজিদা মঈন।