শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম ফজলুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৩ ফেব্রুয়ারি এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাছিমা খানম এ নির্দেশ দেন।
চিঠিতে বলা হয়, একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ফজলুল হকের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর অভিযোগের কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফজলুল হক ছাত্রজীবনে ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সেক্রেটারি ছিলেন। বর্তমানে তিনি কলারোয়া উপজেলা জামায়াতের আমির ও সাতক্ষীরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি। চিঠিতে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে ফজলুল হকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ফজলুল হকের নামে কলারোয়া থানায় পাঁচটি ও পাটকেলঘাটা থানায় একটি মামলা আছে। তাঁর বিরুদ্ধে এসব মামলা হয় ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে।
কলেজ পরিচালনা পর্ষদের কার্যবিবরণীতে (রেজল্যুশন) বলা হয়েছে, ২০১৬ সালের ৯ অক্টোবর ফজলুল হক এমপিওভুক্তির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মো. আবু সাঈদসহ কলেজের পরিচালনা পর্ষদ রেজল্যুশন করে তাঁর এমপিওভুক্তির জন্য সুপারিশ করে। এমপিওভুক্তির আবেদনপত্রে ফজলুল হকের নামে কোনো মামলা নেই মর্মে সুপারিশ করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ।
ফজলুল হক বলেন, তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ফুলকুঁড়ির খুলনা অঞ্চলের পরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দুই দফায় কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। ২০১৪ সালের ১৪ এপ্রিল তিনি জামায়াতের রাজনীতি থেকে অব্যাহতি নেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর সহিংসতার মামলায় পাটকেলঘাটা থানার পুলিশ তাঁকে (ফজলুল) গ্রেপ্তার করে। তাঁর নামে তিনটি সহিংসতা মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই সব মামলায় তিনি জামিনে আছেন।
কলেজের অধ্যক্ষ আবু সাঈদ বলেন, গত ৮ জানুয়ারি এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন ফজলুল হকের এমপিওভুক্তির নির্দেশ দেন। সেই অনুযায়ী কলেজ পরিচালনা পর্ষদ সভা করে তাঁকে এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের কাছে সুপারিশ পাঠায়। তিনি বলেন, তাঁর (ফজলুল) বিরুদ্ধে মামলা ছিল, তা তাঁরা জানতেন না।
সাংসদ মীর মোস্তাক আহমেদের মুঠোফোনে গতকাল শনিবার কল দিলে তাঁর ব্যক্তিগত সহকারী মকসুমুল হাকিম ফোন ধরেন। তিনি বলেন, এমপি সাহেব (সাংসদ) ব্যস্ত। পাঁচ মিনিট পর কথা বলবেন। পরে আবার েফান দিলে তিনি একই ধরনের কথা বলেন।