শিক্ষা ও সম্পদেও এগিয়ে আ.লীগ-সমর্থিত প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। বাকি দুই প্রার্থীর মধ্যে একজন স্নাতক (পাস) ও অপরজন স্বশিক্ষিত। বার্ষিক আয় ও সম্পদেও বাকি দুই প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।

প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত ইউসুফ খান পাঠান ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর শিক্ষাগত যোগ্যতা এমএসএস। স্বতন্ত্র দুই প্রার্থীর একজন এ কে এম ফখরুল আলম স্নাতক পাস। তাঁর পেশা ঠিকাদারি। অপরজন মো. নূরুল ইসলাম রানা স্বশিক্ষিত। তিনি ব্যবসায়ী।

প্রার্থীদের কেউই ফৌজদারি মামলার আসামি নন। তাঁরা কেউই ঋণখেলাপি নন। তবে ইউসুফ খান পাঠান বাড়ি নির্মাণ বাবদ একটি হাউজিং কোম্পানি থেকে ৩৮ লাখ ৫৭ হাজার টাকা ঋণ নিয়েছেন।

প্রার্থীদের আয়ের উৎস ও স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণীতে দেখা যায়, ইউসুফ খানের বাড়ি ও দোকান ভাড়া থেকে বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার ও ব্যবসা থেকে আয় ৬০ হাজার টাকা। তাঁর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ৬৩ হাজার ৮৪০ টাকা। অস্থাবর সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেছেন, তাঁর নগদ টাকা ১ লাখ ও ব্যাংকে জমা করা টাকার পরিমাণ ৫২ হাজার ২৯২ টাকা। আর তাঁর স্ত্রীর নামে ২১ ভরি সোনা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া ইউসুফ খানের ৪ দশমিক ৩১ শতক অকৃষিজমি এবং ৪৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের দুটি বাড়ি রয়েছে।

ফখরুল আলমের ঠিকাদারি ব্যবসা থেকে বার্ষিক আয় ২ লাখ ৮০ হাজার টাকা। তাঁর ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্য ও আসবাব এবং বৈবাহিক সূত্রে পাওয়া ২০ তোলা সোনা রয়েছে। স্থাবর সম্পদ হিসেবে পৈতৃক সূত্রে পাওয়া ১১২ দশমিক ৮৯ শতক অকৃষিজমি আছে, যার মূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।

আর নূরুল ইসলামের ব্যবসা থেকে বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কৃষি খাত থেকে ৫০ হাজার টাকা, দোকান ভাড়া থেকে ১২ হাজার টাকা ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় ১ লাখ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে তাঁর নগদ ৪০ হাজার টাকা এবং টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা ও মোবাইল ফোনসেট রয়েছে। স্থাবর সম্পদের তালিকায় আছে ৭০ শতক কৃষিজমি ও ১০ শতক অকৃষিজমি।

ফখরুল আলম ও নূরুল ইসলামের স্ত্রীদের কোনো সম্পদ নেই।