শিক্ষাগত যোগ্যতার তথ্যে গরমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী চারজন। তাঁদের তিনজনই পাঁচ বছর আগে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তখন তাঁদের দেওয়া শিক্ষাগত যোগ্যতার তথ্যের সঙ্গে এবারের এ-সংক্রান্ত তথ্যের মিল নেই।
নির্বাচন কমিশনে দুবারের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল পাঠান শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বলে উল্লেখ করেছেন। ২০১১ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। আর তখন তিনি নিজেকে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন উল্লেখ করেছিলেন। তথ্যের এই অমিলের কারণ জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আগেরবার কী লিখেছিলাম মনে ছিল না।’
বিএনপির মনোনীত প্রার্থী নূর সাইদ সরকার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস উল্লেখ করেছেন। অথচ আগের নির্বাচনে তিনি অষ্টম শ্রেণি পাস উল্লেখ করেছিলেন। এ বিষয়ে তাঁর বক্তব্যও প্রায় একই রকম। তিনি আরও বলেন, এ বিষয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।
স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোশারফ হোসেন আকন্দ শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত উল্লেখ করেছেন। অথচ গত নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রে তিনি অষ্টম শ্রেণি উত্তীর্ণ উল্লেখ করেছিলেন। আরেক স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম লিখেছেন, তিনি স্বশিক্ষিত। অবশ্য তিনি এবারই প্রথম প্রার্থী হয়েছেন।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কয়েক ব্যক্তি বলেন, মেয়র প্রার্থীরা নতুন করে পড়ালেখা করে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে তাঁদের অন্তত জানা নেই।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, এবার দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।