শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে জি এম কাদেরের আহ্বান
ছাত্র ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘ছাত্র ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকাদান সম্পন্ন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম জ্ঞানহীন মূর্খ হবে। এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।’
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ দাবি জানান।
জি এম কাদের বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সবাইকে টিকা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে স্বাভাবিকভাবে টিকাদান শেষ হতে হয়তো আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে।
দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেওয়া যায় না। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাসংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, মহামারি করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহৎ স্বার্থে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক করতে হবে।